গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু বলেছেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। তরুণ-তরুণীরা যদি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হয়ে ওঠে, তবে তারা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও একটি মানবিক দায়িত্ব।
রোববার দুপুরে বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন,
তিনি আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তিই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই দেশের তরুণ-তরুণীদের প্রচলিত চাকরির পেছনে না ছুটে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, ফ্রিল্যান্সিং এমন একটি পেশা, যেখানে ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। একজন দক্ষ ফ্রিল্যান্সার শুধু নিজের জীবনই বদলাতে পারে না, পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাস।
ড. ফরিদুল ইসলাম বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি একজন মানুষের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। দক্ষতা যদি সততা ও মূল্যবোধের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই মানুষই দেশের উন্নয়নের নেতৃত্ব দিতে পারে। নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, খুলনা স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক মোঃ অলিউজ্জামান মিনা, বাগেরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান, আইটি উদ্যোক্তা বায়েজিদ হাসান প্রান্তসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও প্রযুক্তি খাতের ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু বলেন, বাগেরহাটের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে লতিফ মাস্টার ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শিক্ষিত বেকারত্ব। এই সমস্যা দূর করতে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, তরুণদের হাতে যদি আধুনিক প্রযুক্তির দক্ষতা তুলে দেওয়া যায়, তাহলে তারা চাকরির জন্য অপেক্ষা না করে নিজেরাই উদ্যোক্তা হতে পারবে এবং অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করবে। বাগেরহাটের মেধাবী তরুণদের দেশ-বিদেশের কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিংসহ আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক কাজের মাধ্যমে আয়মুখী হওয়ার সুযোগ তৈরিতেও সহযোগিতা করা হবে।

এ সময় আয়োজকরা প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন।



