বাগেরহাট জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিএনপির প্রবীণ নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার এমডি আকবর আজাদের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম আকবর আজাদ ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ও জনমানুষের নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি জাতীয়তাবাদী রাজনীতির বিকাশেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মৃত্যুতে বাগেরহাট একটি অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো।”
ড. ফরিদুল ইসলাম আরও বলেন, “তিনি ছিলেন অত্যন্ত সৎ, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণে তাঁর নিরলস কাজ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমডি আকবর আজাদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১১টায় বারুইপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নিজ গ্রাম বারুইপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম আকবর আজাদ ছিলেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বাগেরহাট জেলা শাখার সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার। তাঁর মৃত্যুতে বাগেরহাটের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



