পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ, জামাতের যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম, মোঃ মোকাররাম হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছেন। তারপরও বর্তমান সরকার এই সহায়তা নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ১শ’ ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



